ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এই বছরের কোর্সে চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ মোট ৩১১ জন অফিসার অংশগ্রহণ করেন।


নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন যেন একটি শান্তিপূর্ণ উৎসবের মতো হয়, সে জন্য আমাদের সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।’ তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন এবং বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যা সকলের প্রশংসার যোগ্য।’


প্রশিক্ষণে অংশ নেওয়া অফিসাররা জানান, কোর্সে অর্জিত জ্ঞান তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহায়তা করবে। তারা উল্লেখ করেন, জাতীয় কোনো সংকটময় পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাদের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।


এক বাংলাদেশি কর্মকর্তা বলেন, ‘ডিএসসিএসসি-তে আমরা নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে যে শিক্ষা পেয়েছি, তা আমাদের দেশে ও দেশের বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখবে। বিশেষ করে জাতীয় সংকটে আমরা এটি কাজে লাগাতে পারব।’


চীনের একজন অফিসার বলেন, ‘বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমাদের পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরো শক্তিশালী হয়েছে। আমরা আশা করি, এখানে পাওয়া জ্ঞান আমাদের নিজ নিজ দেশে নিরাপত্তা প্রদানে কাজে লাগবে।’


বাংলাদেশি আরো একজন কর্মকর্তা প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি একমত প্রকাশ করে বলেন, ‘প্রধান উপদেষ্টার কথাগুলো সময়োপযোগী। আমরা যারা এই কোর্স সম্পন্ন করেছি, তারা দেশের সুরক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে; যেমন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য প্রস্তুত থাকব।’


ads
ads
ads

Our Facebook Page

↑